Views Bangladesh Logo

রাস্তা সম্প্রসারণে রাজশাহীতে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজশাহী শহরে রাস্তা সম্প্রসারণের কাজের জন্য ৩০টি কাঠবাদামের গাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা।

নগরীর রাজীব চত্বর থেকে কলাবাগান হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত সড়কের একপাশজুড়ে ছায়া ও সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে ছিল গাছগুলো। বৃহস্পতিবার থেকে শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত তিন দিনে এসব গাছ কাটা হয়।

রাজশাহী সিটি করপোরেশন ২০১০ সালের দিকে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় প্রায় ৭০টি কাঠবাদামের গাছ রোপণ করেছিল। গত ১৬ বছরে গাছগুলো বড় হয়ে ওঠে এবং ফলও ধরতে শুরু করে। পরে ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণের পর রাস্তা সম্প্রসারণের প্রয়োজন দেখিয়ে গাছগুলো অপসারণ করা হয়।

স্থানীয়রা জানান, এলাকায় যানবাহনের চাপ তেমন নেই। তাই রাস্তা বড় করার জন্য গাছ কাটা ঠিক হয়নি।

গাছ কাটার শ্রমিকদের  একজন জানান, আটজন শ্রমিক তিন দিন ধরে গাছ কাটার কাজ করেছেন। সালাহউদ্দিন নামে এক ব্যবসায়ী সিটি করপোরেশন থেকে গাছগুলো কিনেছেন।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান বলেন, বন বিভাগের প্রাক্কলন অনুযায়ী নিয়ম মেনে গাছগুলো বিক্রি করা হয়েছে।

তিনি জানান, ফ্লাইওভার নির্মাণের পর সড়কের একপাশের প্রস্থ কমে গিয়ে সাড়ে তিন মিটারের নিচে নেমে এসেছে। তাই রাস্তা সম্প্রসারণের জন্য গাছগুলো কাটা হয়েছে। পাশাপাশি ড্রেনের ওপর ফুটপাত নির্মাণ করা হবে এবং ফুটপাতের পাশে নতুন করে গাছ লাগানো হবে।

তবে পরিবেশবাদীরা এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান বলেন, নতুন গাছ লাগানোর আশ্বাস কেবল লোক দেখানো কথা। গাছ সংরক্ষণ করেও উন্নয়ন সম্ভব, কিন্তু সে চিন্তা প্রকৌশলীদের মধ্যে নেই। তিনি এটিকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ