তালিকা থেকে বাতিল ৩০ লাখ মৃত ভোটার: ইসি সানাউল্লাহ
হালনাগাদ ভোটার তালিকা থেকে ৩০ লাখ মৃত ভোটা বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, বর্তমানে সারা দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। তবে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী জুনে।
রোববার (২ মার্চ) ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আজ আইনি বাধ্যবাধকতার কারণে ২০২৪ সালের তথ্যের ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তবে যে তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয়েছে, তা আবারও সংযোজন করা হবে এবং মৃত ভোটারদের বাদ দেয়া হবে।
তিনি বলেন, আবারও একটি সম্পূরক ভোটার তালিকা করা হবে। সেই তালিকার সঙ্গে সমন্বয় করে ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ভোট দেয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, সবার অংশগ্রহণে নির্বাচন হবে, এটি একটি স্বচ্ছ প্রক্রিয়ার উৎসব। আমরা রক্তপাত দেখতে চাই না, সহিংসতা চাই না, চুরি-লুটপাট দেখতে চাই না। আমরা রাতে সিল মারতে দেখতে চাই না, ব্যালট পেপার ছিনতাই দেখতে চাই না, কোনো ক্ষমতার প্রভাব দেখতে চাই না।
তিনি আশা প্রকাশ করেন, নতুন ভোটার তালিকা স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে