Views Bangladesh Logo

বাকি ৩০ না ১৮৫, টাকার হিসাব নিয়ে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জের লাখাই উপজেলায় দোকানের বাকি টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের দোকানদার জালাল মিয়ার দোকান থেকে রসম আলী বাকিতে পণ্য কেনেন। পরে পাওনা টাকা নিয়ে কথা বলতে গেলে দুইজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি দুই পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাল্টাপাল্টি ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয় এবং অন্তত ৩০ জন আহত হন।

তবে টাকার পরিমাণ নিয়ে দুই পক্ষের ভিন্ন ভিন্ন দাবি পাওয়া গেছে। দোকানদার জালাল মিয়া দাবি করেন, রসম আলীর কাছে তার ১৮৫ টাকা পাওনা রয়েছে। অন্যদিকে রসম আলীর দাবি, তার মাত্র ৩০ টাকা দেনা রয়েছে, অতিরিক্ত টাকা দাবি করায় ঝামেলা শুরু হয়।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, দোকানের পাওনা টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ