নারায়ণগঞ্জে চুরির অভিযোগে কেটে ফেলা হলো ৩ নারীর চুল
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বাড়িতে চুরির অভিযোগে তিন নারীকে আটক করে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময় তাদের মাথার চুল কেটে ফেলার অভিযোগও উঠেছে। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডহরগাঁও এলাকার সেলিম মিয়ার বাড়িতে স্বর্ণের চেইন চুরির চেষ্টা করলে স্থানীয়রা হাতেনাতে তিন নারীকে আটক করেন। পরে তাদের রশি দিয়ে বেঁধে মারধর করা হয় এবং একপর্যায়ে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
আটক নারীরা হলেন— কুমিল্লার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর থানার দিঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার এবং বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, চুরির অপরাধে আইনগত শাস্তির বিধান রয়েছে। তবে কাউকে বেঁধে মারধর করা এবং মাথার চুল কেটে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে