Views Bangladesh Logo

৫১ লাখ টাকা আত্মসাৎ: ফুলগাজী উপজেলা পরিষদের ৩ কর্মচারী বরখাস্ত

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ২৬টি সরকারি চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী সোমবার (১৩ জুলাই) রাতে এই বরখাস্তের আদেশ জারি করা হয় বলে নিশ্চিত করেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অতনু বড়ুয়া।

বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন—সাবেক সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল, বর্তমান অফিস সহকারী মো. ফিরোজ এবং নূর ইসলাম। সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে গ্রেপ্তারের তারিখ থেকে তিনি সাময়িক বরখাস্ত বলে গণ্য হন। তবে বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরপোশ ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

উন্নয়ন ও রাজস্ব খাতের ২৬টি চেকের টাকার অংক এবং বানান পরিবর্তনের অভিযোগে গত ৭ জুলাই এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেছিলেন ফুলগাজী উপজেলা পরিষদের সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর আবদুল হালিম চৌধুরী ।

পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানায় যে, মামলাটি তাদের এখতিয়ারের বাইরে। এরপর গত ১২ জুলাই ফুলগাজীর একটি আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন এবং পর্যবেক্ষণ দেন যে, অপরাধটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আওতাভুক্ত। একইসঙ্গে আদালত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মামলার নথিপত্র দুদকের কাছে পাঠানোর নির্দেশ দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ