উখিয়ার সমুদ্রসৈকতে ভেসে এল অজ্ঞাত ৩ মরদেহ
কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত পরিচয়ের তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা ও বিকেল ৩টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৩টার দিকে মনখালী সমুদ্রসৈকতে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। প্রায় ৫০০ মিটার দূরত্বে মরদেহ দুটি পাওয়া যায়।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে একই ইউনিয়নের মাদারবুনিয়া নৌকাঘাট এলাকা থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আতিকুর রহমান মজুমদার জানান, তিন মরদেহের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। টেকনাফের বাহারছড়া উপকূলে ২১ সেপ্টেম্বরের ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তাঁরা কেউ রয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।
পুলিশ জানায়, মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় এক নারী ও এক শিশু মারা যান। পরে কোস্টগার্ড ও স্থানীয় লোকজন কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় এক নারী নিখোঁজ ছিলেন।
পৃথক দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন