Views Bangladesh Logo

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ মো. ফয়সাল আল মামুন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ সাইদুর রহমান স্বপন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা।

এপিপি স্বপন জানান, ২০১৩ সালের ২০ ডিসেম্বর রফিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তিনি টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই দিন সকাল সাড়ে ৬টার দিকে হাঁটতে বের হয়ে আকুরটাকুর বটতলা বাজার এলাকায় পৌঁছালে একদল লোক তাঁর ওপর হামলা করে।

হামলাকারীরা রফিকুলকে গুলি ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় পরদিন রফিকুলের ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন। প্রথমে সদর থানা-পুলিশ মামলাটি তদন্ত করে। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।

সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা এবং চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাঁদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান এপিপি স্বপন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ