প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে সরিয়ে দেওয়া হলো
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ (সদ্য সাবেক প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত ছিলেন) তিন সচিবকে নিজ নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা তিন সচিব হলেন—প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় প্রশাসনের গুরুত্বপূর্ণ এসব পদে পরিবর্তন আনা হলো।
নতুন সরকার গঠনের আগের তিন দিনে জনপ্রশাসনের দুটি শীর্ষ পদের দুজন কর্মকর্তা নিজে থেকে সরে যান। একজন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ এবং অন্যজন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
এরপর চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আবদুস সাত্তারকে। তিনি এর আগে বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সচিবালয়ের একাধিক সূত্র বলছে, প্রশাসনে আরও কিছু পরিবর্তন আসতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ খালি হওয়া চারটি সচিব পদে নতুন নিয়োগ দেওয়া হতে পারে। পাশাপাশি চুক্তিতে থাকা কয়েকজন সচিবের জায়গায়ও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া মাঠ প্রশাসনে জেলা প্রশাসক (ডিসি)-সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদেও রদবদল হতে পারে। একইভাবে পুলিশসহ অন্যান্য সরকারি দপ্তরেও পরিবর্তন আসার সম্ভাবনা দেখছেন কর্মকর্তারা। বিষয়টি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ সম্ভাব্য পদ লাভের আশায় তৎপরতাও চালাচ্ছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনা হয়।
প্রথম ছয় মাসেই সিনিয়র সচিব ও সচিব পদে ১৪ জন, গ্রেড-১ পদের ১ জন এবং অতিরিক্ত সচিব পদে ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। একই সময়ে সিনিয়র সচিব ও সচিব পদে ২৩ জন, গ্রেড-১ পদের ২ জন এবং অতিরিক্ত সচিব পর্যায়ের ৫১ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে আরও কয়েকজন কর্মকর্তাকে ওএসডি করা হয়।
অন্যদিকে সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগও দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, বর্তমানে সচিব ও সমপর্যায়ের পদে অন্তত ১৬ জন কর্মকর্তা চুক্তিতে রয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে