Views Bangladesh Logo

মেঘনা নদীর স্রোতে ভেসে জমজ দুই ভাইসহ ৩ কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে তিন কিশোর। নিহতদের মধ্যে রয়েছে জমজ দুই ভাই। রোববার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ ছেলে আরিফিন ও আশিকিন, দুজনেরই বয়স ১৫ বছর। অপরজন একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির, তার বয়স ১৪ বছর। তারা সবাই মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় চার কিশোর। তবে বিদ্যালয়ে না গিয়ে তারা মেঘনা নদীর ভাটি বন্দর এলাকায় যায়। সেখানে চারজন একসঙ্গে নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর নদীর স্রোতে তারা ভেসে যেতে থাকলে ফারিস নামে একজন তীরে উঠতে সক্ষম হয়। বাকি তিনজন পানিতে তলিয়ে যায়।

নিখোঁজ তিন কিশোরকে উদ্ধারে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ৩টার দিকে জমজ দুই ভাই আরিফিন ও আশিকিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেলে আবিরের মরদেহও নদী থেকে উদ্ধার করেন ডুবুরিরা।

নিহত আরিফিন ও আশিকিন নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর আবির পড়ত অষ্টম শ্রেণিতে। তাদের সঙ্গে নদীতে নামা ফারিস নিহত জমজ দুই ভাইয়ের আপন চাচাতো ভাই। দুর্ঘটনার পর তিন শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাড়ি মজলিস এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা নদীর তীরে ভিড় করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন তিন কিশোরের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘনা নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ