গাছের গোড়ায় ৩টি বস্তা, খুলতেই মিলল ছয় টুকরো মরদেহ
ফরিদপুরের মধুখালী উপজেলায় ধানখেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় সড়কের পাশ থেকে বস্তাগুলো উদ্ধার করা হয়। মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে ফরিদপুরগামী সড়কের ডান পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানখেত। ওই খেতের পাশে একটি তালগাছের গোড়ায় মুখ বাঁধা তিনটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন পথচারী। বস্তাগুলো দেখে সন্দেহ হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলোর মুখ খুললে ভেতরে মরদেহের খণ্ডাংশ দেখতে পায়। পরে সেগুলো উদ্ধার করে পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু করা হয়।
পুলিশের ধারণা, মরদেহটি আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষের। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তাকে কোথায় এবং কীভাবে হত্যা করা হয়েছে, মরদেহের খণ্ডাংশগুলো কীভাবে ওই এলাকায় ফেলে রাখা হলো—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
মতামত দিন