মাদক কারবারির সঙ্গে সখ্যের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
সাভারে শীর্ষ মাদক কারবারি শামীম হোসেনের সঙ্গে সখ্য থাকার অভিযোগে সাভার মডেল থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে সাভার মডেল থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আসিফুর ও মেরাজ।
পুলিশ সুপার বলেন, মাদক কারবারি শামীমের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। এছাড়া ছিনতাই হওয়া ক্যামেরা ও মোবাইল উদ্ধার করা হয়েছে এবং এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ সুপার আরও বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। ফাঁকা বাসাবাড়িতে চুরি-ডাকাতি ঠেকাতে টহল জোরদার করা হয়েছে।
তিন দিন আগে সাভারের রাজাশন এলাকায় শীর্ষ মাদক কারবারি শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেশ টিভি ও এসএ টিভির তিন সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় শামীমকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখনো মূল অভিযুক্ত শামীমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে