বিশৃঙ্খলা এড়াতে হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এবার সীমান্তরক্ষী বাহিনীকেও মাঠে নামানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে হবিগঞ্জে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে একই আশঙ্কায় সকালেই হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ। আদেশে বলা হয়, একই দিনে ও একই স্থানে হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ডাক দেয় এনসিপি, আর একই সময়ে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিতেই বিপুলসংখ্যক নেতাকর্মীর জমায়েতের আশঙ্কা থাকায় এবং উভয়ের মধ্যে বিরাজমান উত্তেজনার প্রেক্ষাপটে সংঘর্ষ ও প্রাণহানির শঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে আদেশে উল্লেখ করা হয়।
আদেশ অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা অনুসারে হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং কিংবা যন্ত্রের মাধ্যমে বিকট শব্দ সৃষ্টিসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছিল দলটি, যার অংশ হিসেবেই বুধবার হবিগঞ্জে এই কর্মসূচি ছিল। একই সময়ে বিপরীত অবস্থান নেয় স্থানীয় বিএনপি ও ছাত্রদল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
মতামত দিন