Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি ছাত্রকে গুলি

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভার্মন্টে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২৫ নভেম্বর) রাতে ভার্মন্টের বার্লিংটনে ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে হিশাল আওতারতানি, কিন্নার আবদেল হামিদ ও তাহসিন আহমেদ নামের ওই তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করা হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

বার্লিংটন পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ফিলিস্তিনি ছাত্রদের লক্ষ্য করে কমপক্ষে চার রাউন্ড গুলি ছুড়ে এবং ঘটনার পর সে হেঁটে পালিয়ে যায়। হামলার সময় আক্রান্তরা আরবি ভাষায় কথা বলছিলেন। এ ঘটনার সম্ভাব্য উদ্দেশ্য তদন্ত করছেন কর্মকর্তারা। এরই মধ্যে সন্দেহভাজনদের খোঁজা শুরু করেছে পুলিশ। 

পুলিশ আরও জানায়, হামলার সময় ওই তিন ছাত্র ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফায়াহ পরিহিত ছিলেন। তাদের সকলের বয়স ২০ বছর।

বার্লিংটন পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল। তবে একজন গুরুতর আহত হয়েছেন।

এ প্রসঙ্গে হিশাল আওয়ারতানির চাচাতো ভাই বাসিল আওতারতানি বলেন, “ফিলিস্তিনিদের ওপর অমানবিক আচরণ বেড়েই চলেছে। পরিস্থিতি এমন যে যখন তখন জীবন দিতে হতে পারে।”

এ ঘটনায় নিন্দা জানিয়ে এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ভার্মন্টের সিনেটর এবং সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স বলেছেন, “এটি মর্মান্তিক যে ভার্মন্টে তিন তরুণকে গুলি করা হয়েছে।”

যুক্তরাজ্যে ফিলিস্তিনের প্রধান রাষ্ট্রদূত হুসাম জোমলট সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন ফিলিস্তিনি ছাত্রের একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে তিনি বলেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ বন্ধ করতে হবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ