ঈদে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী ও ছেলে। গুরুতর আহত অবস্থায় তার মেয়েকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামের একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন শরিফুল ইসলাম। ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য মঙ্গলবার সকালে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রওনা দেন তিনি। পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল, তার স্ত্রী ও ছেলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে