সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও ছেলের মৃত্যু
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন অনন্তপুর গ্রামের নূরুল আমিন, তার স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে ফরহাদ আহমেদ শাহ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যুতের লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদ আহমেদ শাহর দোকানের টিনের ছাদের ওপর পড়ে। এতে পুরো দোকানঘর বিদ্যুতায়িত হয়ে যায়। একপর্যায়ে টিনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফরহাদ। ছেলেকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা নূরুল আমিনও। পরে তাদের বাঁচাতে এগিয়ে গিয়ে মা ফাতেমা বেগমও বিদ্যুতের সংস্পর্শে আসেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তিনজনের মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন