Views Bangladesh Logo

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ বিশেষ সহকারী নিয়োগ

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে তিনজনকে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তা করবেন।
 
স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন খোদা বকশ চৌধুরী। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অধ্যাপক ড. সায়েদুর রহমান এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম নিয়োগ পেয়েছেন।

রবিবার (১০ নভেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তিনজনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই তিনজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। উপদেষ্টাদের সহায়তা করার জন্য তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। ১৯৭৯ পুলিশ বাহিনীতে যোগ দেওয়া এই কর্মকর্তা ২০০১ সালে ঢাকা মহানগর পুলিশের পুলিশ সুপার, সিআইডি প্রধান ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ছিলেন।

স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান। এ ছাড়াও এই চিকিৎসক প্রতিষ্ঠানটির ইনফরমেশন টেকনোলজি বিভাগের পরিচালক ও রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষকতা করেন তিনি।

অন্যদিকে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ