জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত
জামিন ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে কারা কর্তৃপক্ষ। ঘটনাটিকে ‘ভুল মুক্তি’ হিসেবে ব্যাখ্যা করা হলেও কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি সামাল দিতে দায়িত্বরত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে কারাগারের বাইরে সংশ্লিষ্ট কোনো সংস্থাকে জানানো হয়নি। ঘটনার সত্যতা প্রকাশ পাওয়ার পর বৃহস্পতিবার বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কারাগার থেকে মুক্তি পাওয়া তিন আসামি হলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা এবং একটি হত্যা মামলায় কারাবন্দি ছিলেন।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এটি একটি ‘ভুল মুক্তি’। অসতর্কতাবশত কারা কর্মকর্তার ভুলের কারণে আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে।
ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা হিসেবে ধরে নেওয়ায় এই তিন আসামিকে মুক্তি দেওয়া হয়। দায়িত্বরত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ অসতর্কতার বিষয়টি স্বীকার করেছেন।
গাফিলতির দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান জেল সুপার। পাশাপাশি পুরো ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অন্য কোনো কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বা ভিন্ন কোনো উদ্দেশ্য উদ্ঘাটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিআইজি প্রিজন্স।
এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাৎক্ষণিকভাবে তাদের অবহিত করা হয়নি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, আসামিদের ধরতে পুলিশের সহযোগিতা প্রয়োজন। কারা কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে জানালে পুনরায় গ্রেপ্তার কার্যক্রম সহজ হতো।
হত্যা মামলার আসামিদের এভাবে জামিন ছাড়াই কারাগার থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের ভেতরে ও বাইরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে এমন গুরুতর ভুল ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে