হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৪০
দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪০ জনে।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৭২ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১২১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ জনে। এর মধ্যে পরীক্ষায় ১৬ হাজার ১৮০ জনের হাম নিশ্চিত হয়েছে। বাকি ১ লাখ ২৯ হাজার ৬১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
এদিকে, হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর হামের সংক্রমণ রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।
মতামত দিন