Views Bangladesh Logo

বাগেরহাটে বসতঘরে একই পরিবারের তিনজনের মরদেহ

বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামে একটি বসতঘরে একই পরিবারের তিনজনের মরদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় বাসিন্দারা ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

মৃত ব্যক্তিরা হলেন চান্দেরখোলা গ্রামের মৃত আবদার আলীর স্ত্রী মনিরা বেগম (৫২), তাঁর ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম (৮৫)। রাশিদা বেগম বাগেরহাট সদর উপজেলার বৃষ্টিপুর গ্রামের মৃত আব্দুর রশীদের স্ত্রী। কয়েক দিন আগে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

খবর পেয়ে পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ছাড়া বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা সেখানে ভিড় করেন।

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান বলেন, প্রতিবেশী কয়েকজন নারী প্রথমে বাড়ির বারান্দায় বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির অন্য সদস্যদের ডাকাডাকি করেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আহাদ হাওলাদার ও মনিরা বেগমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু প্রতিবেশীরা বাড়িতে না থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে জানাজানি হয়নি।

পুলিশের উপপরিদর্শক বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে নিহতদের মাথায় আঘাতের চিহ্ন থাকায় মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ