নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫), একই উপজেলার সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ পালান (৫৩) এবং সিরাজগঞ্জের আকনাদিঘীরচর গ্রামের শুভ মন্ডল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খালিয়াজুরীর রসুলপুর ফেরিঘাটের পাশে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মোতালিব।
অন্যদিকে, দুপুরে বাড়ির সামনে ধান শুকানোর সময় বজ্রাঘাতে প্রাণ হারান মোনায়েম খাঁ পালান।
এ ছাড়া একই দিনে পৃথক আরেকটি ঘটনায় বজ্রপাতে নিহত হন শুভ মন্ডল।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আকস্মিক এই বজ্রপাতের ঘটনায় এলাকায় শোকের আবহ নেমে এসেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে