ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫
ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি; পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, মহাসড়কের ওই অংশে চট্টগ্রামমুখী একটি লেনে সংস্কারকাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। তখন পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।
এই ঘটনার পর সড়কে যানজট সৃষ্টি হয়, যেখানে মোটরসাইকেলসহ আরও কয়েকটি যানবাহন আটকে পড়ে। কিছুক্ষণ পর দ্রুতগতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই জটলার মধ্যে ঢুকে পড়ে।
এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী, বাসের এক সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হন।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে