নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে ঘটনাটি ঘটে। এ সময় টেঁটা ও বন্দুকযুদ্ধে এসব হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আলী আহমদ (২৩), আলমগীর হোসেন আলম (১৯)।
এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাকির হাসান রাতুল সমর্থিত দুইজন ও আশরাফুল ইসলামের সমর্থিত একজন নিহত হন।
তিনি আরও বলেন, ‘দুই পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচরের দিকে যাচ্ছে- এমনটা জানতে পেরেছি। বিস্তারিত পরে বলা যাবে।’
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলা যাবে।’
মতামত দিন