যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩
যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা, ছেলে ও নাতনিসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট বাজার এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মনিরামপুর উপজেলার ফতেহাবাদ গ্রামের বাসিন্দা মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জনির চার বছর বয়সী মেয়ে সেহেরিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা একটি প্রাইভেটকারে করে আত্মীয়ের বাড়ি থেকে মনিরামপুরে ফিরছিলেন। গাড়িটি যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বটগাছের সঙ্গে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, রাতেই মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে