দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বগুড়ায় সড়কে ঝরল তিন প্রাণ
বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই তিন ব্যক্তি নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন নওগাঁ শহরের খাস নওগাঁ এলাকার রাহিম (২১) ও অপূর্ব (১৮), চকদেব নুনিয়াপট্টি এলাকার প্রেম (২০)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে অধিক গতিতে ও বাউলি দিতে দিতে দুটি মোটরসাইকেল নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। অপর মোটরসাইকেলে থাকা দুই বন্ধু আহত হয়।
কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ উদ্ধারে করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহত ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানা গেছে।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে