Views Bangladesh Logo

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারাপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক, ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) এবং ৫০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হালুয়াঘাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি আলালপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মারা যান। আহত হন অন্তত আটজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা ছয়জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে দুই বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ