Views Bangladesh Logo

নেত্রকোনায় বজ্রপাতে তিন যুবকের মৃত্যু

নেত্রকোনার মদন ও কেন্দুয়া উপজেলায় জলাশয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে পৃথক তিনটি স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের রাজীব মিয়া (২৫), কেন্দুয়ার মাসকা ইউনিয়নের দেখলেই পশ্চিম পাড়া গ্রামের শামসুল হুদা (৪৯) ও একই উপজেলার ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম (২৫)।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ৬টার দিকে ইটভাটার শ্রমিক রাজীব মিয়া বাড়ির সামনে গণেশের হাওরে মাছ ধরছিলেন। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। হঠাৎ বজ্রপাতে শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় একই সময়ে কাপড় ব্যবসায়ী শামসুল হুদা নিজের বাড়ির পাশে মুরাইল বিলের দেওয়াল খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দিলে স্বজনরা এসে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যান। একইভাবে আশরাফুল ইসলামও গ্রামসংলগ্ন সান্দিকোনা খালের পাশে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মারা যান।

এ ব্যাপারে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ ও কেন্দুয়ার ইউএনও মো. রিফাতুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই কার্যালয়ের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রচলিত বিধি অনুযায়ী নিহত প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ও ত্রাণ শাখা জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ