রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩
রাঙামাটির মানিকছড়ি এলাকায় সাপ্তাহিক হাটে যাওয়ার সময় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নানিয়ারচরের কৃষ্ণমা ছড়ার মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকায় শান্তনা চাকমা (৩৮) ও বিজয় নগরের শান্তি রঞ্জন চাকমা (৬৫)। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহতরা হলেন শোভা চাকমা (৫২), পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)। তাদের মধ্যে সুমন চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ও আহতরা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাঙামাটি শহর থেকে একটি পিকআপ কতুকছড়ি বাজারে সাপ্তাহিক হাটে যাওয়ার সময় সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন।
এ ব্যাপারে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ আহত রয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, শহরের মানিকছড়ির আর্মি ক্যাম্পের সামনে একটি পিকআপ উল্টে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
মতামত দিন