লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩, আহত ৫
চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস গভীর খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র গণমাধ্যমকে বলেন, সম্ভবত মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। জাঙ্গালিয়া এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পরে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের গাড়ি থেকে বের করে সড়কের পাশে এনে রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে