ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পানিভর্তি খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দর্শনা পরিবহনের বাসটি সামনের একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করছিল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত গতির কারণে ওই সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন পেরিয়ে পাশের খাদে গিয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। উদ্ধারকর্মীরা ১১ জন যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বাকি ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নিহত তিনজনের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতদের বাড়ি চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকায়। আহতরা হলেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)।
মতামত দিন