ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফরিদপুরের দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হন আরও সাতজন।
নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের আশফোরদি গ্রামের হাবিব সরদারের ছেলে তাজিম সরদার (২০) ও পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের ছেলে শাওন মাতুব্বর (২৪)। নিহতরা দুই বন্ধু ছিলেন। অপরজনের নাম মো. মিলন (২৫)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন জানান, সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভাঙ্গার দিক থেকে আসা মোটরসাইকেলটি নগরকান্দার নাগারদিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাজিমের মৃত্যু হয়। সঙ্গে থাকা তার দুই বন্ধু শাওন ও খালিদকে গুরুতর অবস্থায় ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাওনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
অন্যদিকে একইদিন বিকেলে জেলার মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, সোমবার বিকেলে মধুখালী উপজেলার মাসকান্দি এলাকায় ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্রাবণী কনস্ট্রাকশন লিমিটেডের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সহকারী মো. মিলন (২৫) নিহত হন এবং ছয়জন আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়।
এসআই মোহাম্মদ মামুন আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে