ফুলপুরে বাস–সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফুলপুরের বালিয়া মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে বাস ও সেনাবাহিনীর গাড়ি দুমড়ে–মুচড়ে যায়।
নিহতরা হলেন বাসের চালক বিশু, সেনাবাহিনীর গাড়ির চালক সার্জেন্ট রেজাউল করিম এবং এক অজ্ঞাত পথচারী।
পুলিশ জানায়, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাস ও ময়মনসিংহগামী সেনাবাহিনীর গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫ জন আহত হন। আহতদের ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে