বাগেরহাটে 'অপহৃত' তিন শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার, আটক ৩
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অভিযান চালিয়ে 'অপহৃত' তিনজন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে; যাদের মধ্যে একজন ওই তিনজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
বুধবার (২৩ এপ্রিল) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোদালিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), একই গ্রামের সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২) এবং পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ (৩৮)।
উদ্ধার হওয়া শ্রীলঙ্কান তিন নাগরিক হলেন, মালাভি পাঠিরানা ওরফে নিহাল আনন্দ, পাঠিরানা ওরফে টিকিরি কুমারীহামী এবং থুপ্পী মুডিয়ানসিলা নিল। উদ্ধার হওয়া তিনজনের মধ্যে দুজন বিবাহিত। এদের মধ্যে দুজন ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন বাগেরহাটের অভিযুক্ত এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে। এরপর অপহরণকারীরা তাদের জিম্মি করে রাখে। পরে শ্রীলঙ্কায় থাকা তাদের পরিবারের সদস্যদের কাছে একটি বাংলাদেশি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।
পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, শ্রীলঙ্কান তিন নাগরিককে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে; এ ছাড়া আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান জেলা পুলিশ প্রধান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে