যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যার দায়ে তিনজনের দুই বছরের কারাদণ্ড
আদালত রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর ধলপুরের লিচু বাগান এলাকায় লোহার রড, সাড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করে ২০টি কুকুর নির্মমভাবে হত্যার দায়ে তিনজনকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন।
রোববার (৮ মার্চ) বিকালে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক।
আদালতের বেঞ্চের সাইম উদ্দিন জানান, আসামিদের প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ১৬(ক) ধারায় ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ১৬(খ) ধারায় দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। উভয় ধারার সাজা একত্রে চলবে, ফলে প্রত্যেক আসামি দুই বছরের কারাদণ্ড ভোগ করবেন।
রায় ঘোষণার সময় মো. মানিক উপস্থিত ছিলেন এবং তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ২৩ জানুয়ারি ধলপুরের লিচু বাগান এলাকায় আসামিরা লোহার রড, সাড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করে ২০টি কুকুর হত্যা করে বস্তায় ভরে নিয়ে যান। ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিরা শনাক্ত হন। তদন্তে প্রমাণিত হয় যে আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক এই হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে