মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩
মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরের এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
নিহতরা হলেন- ইউপি সদস্য আতাউর রহমান আক্তার শিকদার (৪৮) ও তার ছেলে মারুফ শিকদার। (২০)। এই দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া সংঘর্ষে আহত ইউপি সদস্যের কর্মী সিরাজুল ইসলাম চৌকিদার (৩৫) ঢাকা নেওয়ার পথে মারা যান। আক্তার শিকদারের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটে। এসব ঘটনার মামলায় দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন আক্তার শিকদারসহ তার পরিবারের সদস্যরা। তবে বৃহস্পতিবার ভোরে আক্তার শিকদারের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে।
তারা আরও জানায়, এ খবর শুনে শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে লোকজন নিয়ে এলাকায় আসেন আক্তার ও তার ছেলে মারুফ। এ খবর ছড়িয়ে পড়লে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আক্তারের ওপর হামলা চালান। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় রবেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এদিকে সংঘর্ষের ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি থাকায় অতিরিক্ত সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন আছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ ঘটনার পর নিহত ইউপি সদস্যের বাবা মতিন শিকদার বলেন, আমার ছেলে ও নাতিকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন চেয়ারম্যান সুমন ও তার লোকজন। এ ঘটনায় আমাদের আরও এক কর্মী মারা গেছেন। এর বিচার চাই।
অন্যদিকে কালকিনির বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, আমার নামে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। আমিও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। পুলিশের একাধিক টিম অপরাধীদের ধরতে কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে