গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। এছাড়া একটি গরুও মারা গেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল।
নিহতরা হলেন—সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), আল মোজাহিদ চৌধুরী ছোটন মিয়ার ছেলে রাফি (১২) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর (২০)। এর মধ্যে রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যায়। এ সময় নিহত তিনজনসহ কয়েকজন বাড়ির পাশে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পাশাপাশি একটি গরুও মারা যায় এবং শামীম (১৮) নামের একজন গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে একই দিনে ফুলছড়ি উপজেলার ফজলপুর ইউনিয়নের বুলবুলির চরে গরু চরাতে গিয়ে আলী আকবর নামের এক কৃষক বজ্রপাতে আহত হয়েছেন।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত একজন চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে