পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩
পাবনার ঈশ্বরদী থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঈশ্বরদীর বাঘইল এলাকায় অভিযান চালিয়ে শাহিন নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হযরত ও খোকন নামে আরও দুজনকে আটক করা হয়।
আটকদের স্বীকারোক্তি অনুযায়ী ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি স্বয়ংক্রিয় এসএলআর, দুটি বিদেশি রিভলবার, একটি পয়েন্ট টু-টু রাইফেল, একটি একনলা বন্দুক এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, আটক ব্যক্তিরা একটি পেশাদার অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এটি জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযানের অংশ এবং এর সঙ্গে নির্বাচনসংক্রান্ত কোনো বিষয় জড়িত নয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে