নেহারি খেতে গিয়ে ট্রাকের ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু
বগুড়ার কাহালুতে নেহারি খেতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দরগাহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ছয়ঘরিয়া গ্রামের তরিকুল ইসলাম (২২), রাকিব প্রামাণিক (১৭) ও মিজান (১৮)। নিহতরা সবাই পেশায় কাঠমিস্ত্রি।
কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, শনিবার রাতে তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে উপজেলার কাজীপাড়ার একটি হোটেলে গরুর নেহারি খেতে যাচ্ছিলেন। পথে দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে এলে নওগাঁমুখী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৯টার দিকে তিনিও মারা যান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে