Views Bangladesh Logo

ঝিনাইদহ ও নওগাঁয় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, আহত ৭

পৃথক বজ্রপাতের ঘটনায় ঝিনাইদহ ও নওগাঁয় তিনজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

শনিবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নওগাঁর পত্নীতলা উপজেলার শিহারা ইউনিয়ন এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া ও লক্ষ্মীপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নওগাঁর শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আশরাফ আলী, শৈলকুপার খড়িবাড়িয়া গ্রামের সুশিল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০) এবং লক্ষ্মীপুর গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২)। নিহত তিনজনই কৃষক।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, নওগাঁ এলাকায় গত রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইছিল। এ অবস্থায় শিহারা ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে কাজ করতে নামেন আশরাফ আলীসহ পাঁচ কৃষক। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আশরাফ আলীর মৃত্যু হয়। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পত্নীতলা থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গম কাটতে গিয়ে বজ্রপাতে আশরাফ আলীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খড়িবাড়িয়া ও লক্ষ্মীপুর গ্রামে বজ্রপাতে সমির বিশ্বাস ও অপু বিশ্বাস নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মাঠে কৃষিকাজে ব্যস্ত থাকাকালে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সমির ও অপু মারা যান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে শৈলকুপা থানা পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ