খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত, আহত ২
রাজধানীর খিলক্ষেতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)-এর তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) বিকেলে খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বরগুনা সদর উপজেলার মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ফরিদ জামান (৬৪)। আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, নিহত ও আহতরা সবাই ডেসকোর আউটসোর্সিং (সাব-ঠিকাদার) প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খাঁপাড়া এলাকায় একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেনের সাহায্যে বৈদ্যুতিক তার তোলার কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত অন্য একটি সচল বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে স্পর্শ লাগলে পাঁচজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে তিনজনের মৃত্যু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে