Views Bangladesh Logo

তিন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে সৌদি আরবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেষণে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (অনুদান ও অধিশাখা) মো. রুহুল আমিনকে জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে, উপসচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলামকে মদিনায় বাংলাদেশ হজ অফিসে এবং উপসচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়াকে মক্কায় বাংলাদেশ হজ অফিসে সহকারী মৌসুমি হজ অফিসার (দেশভিত্তিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তাদের চাকরি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মৌসুমি হজ অফিসারদের মূল কাজ হলো হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক সেবা প্রদান এবং প্রশাসনিক কাজে সহায়তা করা। তারা মক্কা, মদিনা, মিনা, আরাফাহ ও মুজদালিফাসহ বিভিন্ন স্থানে হজযাত্রীদের নিরাপত্তা ও সেবার বিষয় তদারকি করেন।

হজযাত্রীদের আবাসন, পরিবহন বা অন্যান্য কোনো সমস্যার সৃষ্টি হলে তা সমাধানে ব্যবস্থা নেওয়া, বেসরকারি ব্যবস্থাপনায় থাকা হজযাত্রীদের থাকার স্থান পরিদর্শন এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। পাশাপাশি হজ প্রশাসনিক দল বা কাউন্সিলরের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও তারা পালন করেন।

এছাড়া হজযাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং হজের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমে প্রশাসনিক সহায়তা করাও তাদের কাজের অংশ।

ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, এসব কর্মকর্তা সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য সৌদি আরবে দায়িত্ব পালন করেন এবং এ সময় তারা অতিরিক্ত ভাতা পান। তবে তারা হজের ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ