মৌলভীবাজারে পানিভর্তি গর্তে পড়ে ৩ শিশুর মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিভর্তি গর্তে পড়ে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— দিঘলকান্দি গ্রামের সিপার মিয়ার ছেলে জিসান (১৩), ফটিগুলি গ্রামের আশিক মিয়ার ছেলে ইমাদ (৮) এবং একই গ্রামের সাহেব আলীর ছেলে লাবিব (৭)।
স্থানীয়রা জানায়, একটি জমি থেকে মাটি কেটে নেওয়ার ফলে সেখানে সাত থেকে আট ফুট গভীর গর্ত তৈরি হয়। মঙ্গলবার রাতে ভারী বৃষ্টির পর উজান থেকে নেমে আসা পানিতে গর্তটি ভরে যায়। বুধবার দুপুরে কয়েকজন শিশু ওই গর্তের পাশে খেলাধুলা করছিল। এ সময় একটি প্লাস্টিকের বোতল পানিতে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে একে একে তিন শিশু গর্তে নামে।
দীর্ঘ সময় তারা ফিরে না আসায় অন্য শিশুরা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে গর্তে নেমে তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে তিনজনই মারা যায়।
খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ জানান, জমি কাটার কারণে সৃষ্ট গর্তে পানি জমে যাওয়ায় সেখানে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কুলাউড়া থানা-র উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে