Views Bangladesh Logo

বিসিবি নির্বাচনে তিন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে তিনজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।

সোমবার (২৫ মে) দুপুরে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ক্যাটেগরি–১ থেকে ভোট হবে মাত্র দুটি বিভাগে। আর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্যাটেগরি–২ বা ক্লাব ক্যাটেগরিতে, যেখানে ১২টি পরিচালক পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ক্যাটেগরি থেকে নির্বাচন করছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

প্রার্থিতা প্রত্যাহারের দিনে চট্টগ্রাম বিভাগ থেকে সরে দাঁড়ান ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম (অপু)। এতে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী।

এ ছাড়া ক্যাটেগরি–১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগের আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগের মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগের মির্জা ফয়সাল আমীন।

ক্যাটেগরি–৩ থেকে একমাত্র প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক হয়েছিলেন।

বিসিবির নিয়ম অনুযায়ী ক্যাটেগরি–১ এ ১০টি, ক্যাটেগরি–২ এ ১২টি এবং ক্যাটেগরি–৩ এ ১টি পরিচালক পদ রয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুজন পরিচালক যুক্ত হবেন। ক্যাটেগরি–১ এ কয়েকটি বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কারণে এবার ভোট হবে মাত্র দুটি বিভাগে।

খুলনা বিভাগে দুটি পদের জন্য তিনজন এবং বরিশাল বিভাগে একটি পদের জন্য দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে ক্যাটেগরি–২ বা ক্লাব ক্যাটেগরিতে নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, সাকিব আহমেদ সালামসহ মোট ১৬ জন প্রার্থী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ