টেকনাফের গহীন পাহাড়ে তিন যুবকের মরদেহ উদ্ধার
টেকনাফের গহীন পাহাড়ে তিন যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন কাঠুরিয়া প্রথমে মরদেহগুলো দেখতে পান। পরে তারা স্থানীয়দের খবর দিলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো পাহাড়ের ভেতরের একটি নির্জন স্থানে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টা আগেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। মরদেহগুলোর শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
নিহতরা হলেন—স্থানীয় নুরুল কবিরের ছেলে মুজিব, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর এবং রুহুল আমিনের ছেলে রবিউল আওয়াল। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন যুবক কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের সঙ্গে কারও পূর্ববিরোধ ছিল কি না অথবা অন্য কোনো অপরাধমূলক ঘটনার সম্পৃক্ততা আছে কি না—তা তদন্তের আওতায় আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাহাড়ি নির্জন এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে