Views Bangladesh Logo

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চল এবং গুরুত্বপূর্ণ স্থানে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানান। বিজিবি সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুরে এক প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে দুই প্লাটুন, জিরানীতে দুই প্লাটুন, আশুলিয়ায় নয় প্লাটুন এবং জামগড়ায় দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।

গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকাতেও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে চন্দ্রায় এক প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় দুই প্লাটুন এবং মৌচাক, আমবাগ-কাটা, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনায় এক প্লাটুন করে সদস্য মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় দুই প্লাটুন, জালকুড়িতে দুই প্লাটুন, বিসিক শিল্পনগরীতে এক প্লাটুন, চাষাড়া মোড়ে এক প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় এক প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করেছে বিজিবি। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় ধারণ করা সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া তথ্য ও মাঠপর্যায়ের কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা কার্যক্রম ও নজরদারি অব্যাহত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ