সংবাদ সম্মেলনের জেরে ব্যাংকের তিন কর্মকর্তা শোকজ
সংসদ নির্বাচনের আগে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন নিয়ে প্রশ্ন তুলে সংবাদ সম্মেলন করার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, ১০ দিনের মধ্যে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, নোটিসপ্রাপ্তদের উত্তর পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
নোটিস পাওয়া কর্মকর্তারা হলেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকার সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ এবং কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘নীল দল’-এর সাধারণ সম্পাদক ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।
গত ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের জরুরি পর্ষদ সভার আগে মতিঝিল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মাসুম বিল্লাহ বলেন, নির্বাচনের পর সরকার গঠনের প্রক্রিয়া চলাকালে হঠাৎ জরুরি সভা ডাকা স্বচ্ছতা ও পেশাদারিত্বের জন্য প্রশ্ন তৈরি করেছে এবং নির্দিষ্ট গোষ্ঠীকে লাইসেন্স দেওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে কর্মকর্তারা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের পক্ষে কথা বলেন এবং ব্যাংক খাতে বস্তুনিষ্ঠ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।
এরপর বাংলাদেশ ব্যাংক এক অভ্যন্তরীণ আদেশে জানায়, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো কর্মকর্তা ব্যাংকসংক্রান্ত বা নীতিমালার বিষয়ে ব্যক্তিগতভাবে বা সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে পারবেন না। সেই নির্দেশনার প্রেক্ষিতেই এবার তিন কর্মকর্তাকে শোকজ করা হলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে