Views Bangladesh Logo

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যে একই প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। হত্যাকাণ্ডের অভিযোগে তাদেরই এক বাংলাদেশি সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে লিঙ্গি এলাকার তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে এক বাংলাদেশিকে আটক করা হয়। পরে তদন্তের ধারাবাহিকতায় লিঙ্গির সুয়া ম্যাঙ্গিস এস্টেট এলাকা থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়।

নেগেরি সেম্বিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত আরেক বাংলাদেশিকে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত, আহত ও গ্রেপ্তার হওয়া ব্যক্তি একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় থাকতেন। ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা তদন্ত করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য বা প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ