নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু, দুজন হাসপাতালে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং ফাহিম আলিম (২৭)। এদের মধ্যে হীরামন ও নাজমুল বাবা-ছেলে এবং ফাহিম ছিলেন নাজমুলের বন্ধু। তারা সবাই নিউইয়র্কের লাউডনভিল এলাকায় বসবাস করতেন।
আহতরা হলেন— হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনি ইকরা (১)। গুরুতর আহত অবস্থায় তারা আলবানির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে করে ঘুরতে বেরিয়েছিলেন তারা। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে এবং বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নিহতদের জানাজা বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর ব্রঙ্কসে অবস্থিত বাইতুল আমান ইসলামিক সেন্টার-এ অনুষ্ঠিত হবে। পরে তাদের মরদেহ নিউ জার্সির মার্লবোরো মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে