নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি যুবক আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তারা হলেন- আলী হোছেন (৩৫), মো. আরিফ উল্লাহ (৩০) এবং মোহাম্মদ রাসেল (২৫)।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী মিয়ানমার সীমান্তের ৪৭-৪৮ নম্বর সীমান্ত পিলারের ফুলতলী, আষাঢ়তলী ও লেম্বুছড়ি এলাকার কাঁটাতারের পাশে গরু আনতে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ৩ জন আহত হয়।
আহতদের মধ্যে আলী হোছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আছারতলী ৮নং ওয়ার্ডের বাসিন্দার হোসেনের ছেলে। মো. আরিফ উল্লাহ জামছড়ির বাসিন্দার মৃত জাফর আলমের ছেলে। আর রাসেল লেম্বুছড়ির বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে।
তাদের উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক সদস্য শমশুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে পৃথকস্থানে মাইন বিস্ফোরণে আহত ৩ বাংলাদেশি যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে আলী হোছেনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
তিনি বলেন, ৩ জনই মিয়ানমার সীমান্তে গরু আসতে গিয়েছিলেন। এ ঘটনায় বিজিবি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বলেও জানান তিনি।
তবে মাইন বিস্ফোরণে ৩ যুবক আহতের বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল বলেন, সীমান্তে বিস্ফোরণে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ল্যান্ডমাইন বিষ্ফোরণে ৩ জন আহত হওয়ার খবর পেয়েছি। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে