পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ ৩ বাংলাদেশি আটক
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মুহুরীজোত সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক দালালসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সাতমেরা ইউনিয়নের মেইন পিলার ৭৪২-এর ৯ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঠাকুরগাঁও জেলার আলমপুর গ্রামের শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), তার সাত বছরের মেয়ে শ্রী ভূমি রানী শ্রেয়া এবং তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি এলাকার সাদ্দাম হোসেন (৩০)। সাদ্দাম হোসেন তাদের অবৈধভাবে ভারতে যেতে সহায়তা করছিলেন।
বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী বিওপি সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে কাঁটাতারের বেড়া কাটার একটি প্লাস, দুটি মোবাইল ফোন, এক জোড়া রুপার নুপুর এবং নগদ ২০ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। চোরাচালানকারী ও দালাল সাদ্দাম হোসেন ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের ভারতে পাঠানোর চেষ্টা করছিলেন বলে জানায় বিজিবি।
এ ব্যাপারে নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, ‘আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তে যে কোনো অপতৎপরতা ঠেকাতে বিজিবি সজাগ রয়েছে।’
মতামত দিন