Views Bangladesh Logo

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ৩ বাংলাদেশি যুবক

ভারতের কেরালায় এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি যুবক। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচাররোধ টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

ফেরত আসা তিনজন হলেন সাতক্ষীরার শ্যামনগর থানার কলিনগর গ্রামের রমজান মল্লিক এবং একই থানার গোবিন্দপুর গ্রামের জাবের হোসেন ও আসাদুজ্জামান গাজী। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোলে কর্মরত শফিকুল ইসলাম জানান, দালালের মাধ্যমে ভালো কাজের আশায় তিনজন কেরালায় যান। সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায় এবং আদালত এক বছরের সাজা দেন। সাজা শেষে কেরালার একটি সেফ হাউসে রাখার পর নাগরিকত্ব যাচাই করে ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের ফিরিয়ে আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা তিনজনের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ